- মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বন্ধন পাল (১৫) নামের এক স্কুলছাত্র।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বন্ধন পাল রৌমারী উপজেলার কলেজ পাড়া এলাকার শ্রী শুনীল চন্দ্রের ছেলে ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বন্ধন পরিবারের লোকজন গোসল করার জন্য সকালে বাড়ি থেকে বাহির যায়। বন্ধন পাল বেশ কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় অভিমান করে বাড়ির সকলের অগোচরে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে দড়ি বেধে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত স্কুল ছাত্রের বাবা শুনীল চন্দ্র বলেন, আমার চার ছেলে। তার মধ্যে বন্ধন সবার ছোট। সে গত কয়েকদিন থেকে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। আমি টাকা হলে কিনে দিতে চেয়েছি। গাড়ি কিনে দিতে দেরি হওয়ায় সে আজ গলায় ফাঁস দিয়েছে।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।#
মোবাশ্বের নেছারী
কুড়িগ্রাম
মোবাইল: ০১৭২৭৭৭৪৯২৭
তারিখ: ১৬-০৪-২০২৪।
info.mobassar1975@gmail.com
