কুড়িগ্রামে পৃথক অভিযানে ৬৬ বোতল বিদেশি মদ এবং ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দু’জন মাদক কারবারি হলো, কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মো. জাহিদুল ইসলাম (৪২) ও কুড়িগ্রাম সদর থানার একতা পাড়া এলাকার মো. হিমন মিয়া (২২)।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে এসব তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কচাকাটা থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে কচাকাটার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মাদক কারবারি মো. জাহিদুল ইসলামকে ৬৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে।
অন্যদিকে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল দশটার দিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শঠিবাড়ী নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে কুড়িগ্রাম সদর থানার একতাপাড়া এলাকার মাদক কারবারি মো. হিমন মিয়াকে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী ও কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
