কুড়িগ্রামে কুকুরের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুকুরের কামড়ে আহত হাসান আলী (১৪) নামের এক মেধাবী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত হাসান স্হানীয় কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
আজ মঙ্গলবার (৭ মে) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেধাবী শিক্ষার্থী হাসানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার জাইদুল হকের ছেলে।
নিহতের প্রতিবেশীরা জানান, প্রায় ২০ দিন আগে উপজেলার পানিমাছকুটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছে। এ সময় এলাকার মানুষ কিছু সাধারণ কুকুরকে ধাওয়া করে। পথচারীরা দেখে পাগলা কুকুর বলে চিৎকার করতে থাকলে লোকজন কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি যাকে সামনে পায় তাকেই কামড়ায়। এসময় হাসান উপজেলা চত্বরের শিশু পার্কের বসে ছিল। পাগলা কুকুরটি মাঠের একটি ছাগলকে কামড়িয়ে আহত করে। এ সময় হাসান ছাগল বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাকেও কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে। পরিবারটি গরিব হওয়ায় ছেলেটির চিকিৎসা না করে ঝাড়ফুক করান তার পরিবার। এতে ছেলেটির অবস্থার অবনতি হলে সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে হাসান মারা যায়।
এ ব্যাপারে কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগার আলী জানান, হাসান আলী আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে মেধাবী ছাত্র ছিল। জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিল। তার অকাল মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।
